শুক্রবার

৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২৪ মাঘ, ১৪৩২

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীসহ নিহত দুই, আহত তিন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬ ১৬:৪০

শেয়ার

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীসহ নিহত দুই, আহত তিন
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশাকে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে ঘটনাস্থলে এক মাদরাসা শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন।

বুধবার সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় জাহেদিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি চালিত অটোরিকশাটি যাত্রী উঠানামার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাক এসে অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে একজন বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী খাদিজা মাশমুম। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী হাফেজ শাহাবুদ্দিন বলেন, সিএনজি থামিয়ে যাত্রী উঠানামা করছিল। হঠাৎ দ্রুতগতির একটি ট্রাক এসে ধাক্কা দেয়। চোখের সামনে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুইজন ঘটনাস্থলেই মারা যায়।

বড়তাকিয়া রেড়িয়েন্স হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. কামরুল হাসান চৌধুরী জানান,

সকালে দুইজন মাদরাসা শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। তাদের একজন মারা যান। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরেক প্রত্যক্ষদর্শী ইমাম উদ্দিন মঞ্জু বলেন, আমি রাস্তা পার হয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দ্রুতগতির ট্রাক এসে সিএনজি ও পথচারীদের চাপা দেয়। দৃশ্যটি এত ভয়াবহ ছিল যে আমি হতভম্ব হয়ে গেছি।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ কাজ করছে।



আরও পড়ুন:

banner close
banner close