শুক্রবার

৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২৪ মাঘ, ১৪৩২

বাঁশখালীতে কোস্ট গার্ড অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ বিপুল মাছ জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬ ১৪:৫১

শেয়ার

বাঁশখালীতে কোস্ট গার্ড অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ বিপুল মাছ জব্দ
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট চট্টগ্রামের বাঁশখালী থানাধীন খাটখালী নদীর মোহনা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটে থাকা সন্দেহভাজনরা সংকেত অমান্য করে দ্রুতগতিতে পার্শ্ববর্তী নদীর তীরে বোটটি রেখে লোকালয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে কোস্ট গার্ডের সদস্যরা বোটটি তল্লাশি করে প্রায় ২২ লাখ টাকা মূল্যের চারটি ট্রলিং জাল এবং দুই হাজার ৮০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেন।

কোস্ট গার্ড জানায়, বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন এর উপস্থিতিতে জব্দকৃত ট্রলিং বোট থেকে সব ধরনের ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয় এবং অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয়। জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ মৎস্য আহরণ বন্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



banner close
banner close