সোমবার

২৭ এপ্রিল, ২০২৬ ১৩ বৈশাখ, ১৪৩৩

মেঘনায় ট্রলারডুবিতে ৪ জেলে নিখোঁজ

সাঈদ পান্থ, বরিশাল

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬ ১৯:৩৯

শেয়ার

মেঘনায় ট্রলারডুবিতে ৪ জেলে নিখোঁজ
ছবি: বাংলা এডিশন

মেঘনা নদীর বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার মধ্যবর্তীস্থানে একটি জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় ট্রলারে থাকা পাঁচজনের মধ্যে একজন প্রাণে বেঁচে ফিরতে পারলেও বাকি চারজনের এখনো কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ জেলেরা হলেন-মেহেন্দিগঞ্জ উপজেলার পালপাড়া গ্রামের শাহীন মীর (১৭), আরিফ হোসেন (১৯), শাহীন (১৭) ও নয়ন (১৯)।

রবিবার দুপুরে ঘটনার প্রত্যক্ষদর্শী জেলে ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে শামিম হোসেন (২৫) জানান, গত ৯ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক চারটার দিকে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের বাথুয়ারচর সংলগ্ন মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, তার পাঁচজন মিলে একটি ট্রলারে করে রাতে মাছ ধরতে যান। এসময় জাল পেতে ট্রলার নোঙর করে তারা ঘুমিয়ে পরেন। ভোররাতে হঠাৎ বিকট শব্দ ও ধাক্কায় ঘুম ভেঙে যায়। মুহুর্তের মধ্যে ট্রলারটি উল্টে তারা সবাই নদীতে ছিটকে পরেন। এসময় সবাই তীরে ওঠার চেষ্টা করলেও তিনি (শামিম) ছাড়া অন্যকোন জেলে তীরে উঠতে পারেনি।

শামিম আরও জানান, ধারণা করা হচ্ছে কোনো লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে গেছে। তবে নিশ্চিতভাবে তিনি দুর্ঘটনার কারণ বলতে পারেননি।

স্থানীয় বাসিন্দা হারুন-অর রশিদ মৃধা জানান, রাতেই একজনকে উদ্ধার করা সম্ভব হলেও চার জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। নৌ-পুলিশের কালীগঞ্জ স্টেশনের ইনচার্জ মো. এনামুল হক বলেন, খবর পেয়ে নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

হিজলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াস সিকদার জানিয়েছেন, রবিবার (১১ জানুয়ারি) দুপুরে তিনি বিষয়টি অবগত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নৌ-পুলিশকে নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।



banner close
banner close