রবিবার

২৬ এপ্রিল, ২০২৬ ১৩ বৈশাখ, ১৪৩৩

টানা দুইদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬ ১৪:৫৫

শেয়ার

টানা দুইদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে
ছবি: সংগৃহীত

যশোরে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বৃহস্পতিবার যশোরে দেশের সর্বনিম্ন ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সব মিলিয়ে চলতি মৌসুমে চার দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই জেলায় রেকর্ড হয়েছে।

এদিকে, টানা শৈত্যপ্রবাহে যশোরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে শীতে সাধারণ মানুষসহ প্রাণিকুল জবুথবু হয়ে পড়েছে। সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাসে হাড় কাঁপছে। তাপমাত্রার সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় এবং বাতাসের গতির কারণে শীতের অনুভূতি আরও তীব্র হচ্ছে।

শুক্রবার ভোরেও ছিলো ঘন কুয়াশা। সকালে কুয়াশা ভেদ করে সূর্য ওঠে। সকালের ক্ষীণ আলো কুয়াশা ভেদ করে মাটি ছুঁলেও শরীরে উষ্ণতা জাগাতে পারেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা সরে যায় এবং রোদের দেখা মেলে। তবে শীতের আবহ থেকে যায়। ফলে মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। মোটা জ্যাকেট ও মাফলারে ঢেকে মানুষজনকে জবুথবু হয়ে চলাচল করতে দেখা যায়। হাড় কাঁপানো শীতে অনেকেই ঘর থেকে বের হননি। খুব সকালে ক্ষেতে প্রতিদিনের মতো চাষিদেরও দেখা মেলেনি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলো।

যশোর বিমানবাহিনীর আবহাওয়া অফিস জানায়, শুক্রবার ভোরে যশোরে সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।



banner close
banner close