শনিবার

৪ জুলাই, ২০২৬ ১৯ আষাঢ়, ১৪৩৩

বগুড়ায় ফিলিং স্টেশনে ডাকাতি, আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি, বগুড়া

প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৬ ১৭:১১

শেয়ার

বগুড়ায় ফিলিং স্টেশনে ডাকাতি, আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

বগুড়ার সদর উপজেলার বারপুর এলাকায় অবস্থিত বগুড়া সিএনজি ফিলিং স্টেশন ও এমআর ব্রাদার্স ডিস্ট্রিবিউশন হাউজে সংঘটিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।

তিনি জানান, গত ২৩ ডিসেম্বর রাতে ডাকাত দলটি পরিকল্পিতভাবে ফিলিং স্টেশন ও ডিস্ট্রিবিউশন হাউজে প্রবেশ করে। এ সময় তারা নৈশপ্রহরীর হাত-পা ও মুখ বেঁধে ডাকাতি চালায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিনি ট্রাকে করে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়। একপর্যায়ে ডাকাতরা ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

ঘটনার পরপরই সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ঢাকার নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মোদাচ্ছের হোসেন (২৯) এবং নোয়াখালী জেলার কবিরহাট থানার ইউসুফ লরি (৪৭)। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

গ্রেপ্তারের সময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি গাড়ি জ্যাক, ২টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার, ৬টি লোহার পাইপ, শর্টগানের ৪ রাউন্ড গুলি, ৪টি হাসুয়া, ১টি চাকু ও রশি উদ্ধার করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম, ওসি ডিবি ইকবাল বাহার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম, সাব-ইন্সপেক্টর জিয়াউর রহমান এবং মামলার তদন্তকারী কর্মকর্তা রাজু আহমেদ।

পুলিশ জানায়, ডাকাত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



banner close
banner close