সোমবার

৩১ আগস্ট, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

গাজীপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গাছায় বিএনপির মশাল মিছিল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ২১:২৬

শেয়ার

গাজীপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গাছায় বিএনপির মশাল মিছিল
ছবি: বাংলা এডিশন

গাজীপুর-২ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গাজীপুরের গাছা এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে গাছা রোডের বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়। মশাল হাতে নিয়ে নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে বোর্ড বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করা হয়েছে।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে গাজীপুর–২ আসনে দলের জন্য গ্রহণযোগ্য, ত্যাগী ও তৃণমূলসমর্থিত প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

তারা আরও বলেন, তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে দেওয়া যেকোনো মনোনয়ন দলের সাংগঠনিক ক্ষতির কারণ হবে। অবিলম্বে মনোনয়ন পুনর্বিবেচনা না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

মশাল মিছিলে গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস খান, ৩৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মির্জা সফিক, বিএনপি নেতা হাজী মতিউর রহমান, রাজু আহমেদ শাহীনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।