অবশেষে ফরিদপুর-চার আসনে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফের ভাঙ্গার সীমানায় ফিরেছে। নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপনকে ‘অবৈধ’ ঘোষণা করে আগের অবস্থায় সীমানা ফেরত আনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব।
এর আগে, গত চার সেপ্টেম্বর নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে ফরিদপুর-চার আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-দুই আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে। ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে ফরিদপুর-চার আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজন রিট করেন। এরপর ২২ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেন।
প্রজ্ঞাপন জারির পর থেকেই ভাঙ্গাজুড়ে তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ে। গত সেপ্টেম্বর দুটি মহাসড়ক অবরোধ হয় দুই ঘণ্টা। ১৫ সেপ্টেম্বর রাজপথ–রেলপথ অবরোধের সময় ভাঙ্গা উপজেলা কমপ্লেক্স, ভাঙ্গা থানা ও হাইওয়ে থানায় ভাঙচুরের ঘটনাও ঘটে। ওইদিন অবরোধ চলাকালে অসুস্থ হয়ে মারা যান আলগী ইউনিয়নের শাহমুল্লুকদী গ্রামের হাবিবুর রহমান।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটিসহ মোট চারটি মামলা হয়। মামলায় ফরিদপুর-চার আসনের সাবেক সাংসদ ও যুবলীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীসহ ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়।
পরে সাত ডিসেম্বর মামলার অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার আলগীর সোনাখোলা গ্রামের জাকের মোল্লা কারাগারে অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হাইকোর্টের এই রায়ের পর স্বস্তি ফিরে এসেছে ভাঙ্গায়।
আরও পড়ুন:








