শনিবার

৪ জুলাই, ২০২৬ ২০ আষাঢ়, ১৪৩৩

শেরপুরে তিন ইটভাটায় নয় লাখ জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫ ০৯:৫৫

শেয়ার

শেরপুরে তিন ইটভাটায় নয় লাখ জরিমানা
ছবি: সংগৃহীত

শেরপুরে তিনটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে প্রত্যেক ইটভাটার মালিককে তিন লাখ করে মোট নয় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে ইটভাটাগুলোর সব কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ ও কাজী রিজওয়ানুল হক। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর শেরপুরের যৌথ উদ্যোগে সদর এবং ঝিনাইগাতী উপজেলায় তিনটি অবৈধ ইটভাটার ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে সদরের তাতালপুর মনকান্দা এলাকায় অবস্থিত মেসার্স আশিকা ব্রিকস, সদরের মির্জাপুরের মেসার্স এইচ এ বি জিগজ্যাগ ব্রিকস ম্যানুফ্যাকচারার্স ও ঝিনাইগাতী উপজেলার চেঙ্গুরিয়ার কাটাখালী ব্রিজ এলাকার মেসার্স বিপি ব্রিকসকে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়। একইসাথে তৈরি করা কাঁচা ইট ভেঙে দেওয়া হয়েছে ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আর ইটভাটাগুলোর সব কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম ও স্থানীয় ব্যক্তিবর্গ। অভিযানের সময় সহযোগিতা করেন সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা।



banner close
banner close