শুক্রবার

২৪ এপ্রিল, ২০২৬ ১১ বৈশাখ, ১৪৩৩

বাগেরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ১৬:৩৭

শেয়ার

বাগেরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে এনআই অ্যাক্ট মামলায় দুই মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী শেখ মজিবর রহমান (৬৫) গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি ফকিরহাট উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মৃত শেখ ইনতাজের ছেলে এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য।

পুলিশ জানায়, বুধবার রাত ১টার দিকে শেখ মজিবর রহমানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। রাত ৩টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাওন কুমার দাশ বলেন, অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

মৃতের স্বজনরা জানান, মজিবর রহমান দীর্ঘদিন ধরে হার্ট, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি একটি এনজিও ঋণের জামিনদাতা ছিলেন। ঋণগ্রহীতা টাকা পরিশোধ না করায় সার্টিফিকেট মামলা হয়, যার ভিত্তিতে দুই মাসের সাজা হয় তার।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, গ্রেপ্তারের অল্প সময় পর অসুস্থ হয়ে পড়ায় পুলিশ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



banner close
banner close