গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ভোরের নীরবতা ভেঙে ছড়িয়ে পড়ে দাউ দাউ আগুন। আমবাগ ফকির মার্কেট এলাকার একটি জুটের গুদাম থেকে শুরু হওয়া এই অগ্নিকাণ্ড মুহূর্তেই পাশের দুটি মিনি কারখানা ও একটি শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই সবকিছু আগুনে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাটি ঘিরে এলাকায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ; কারণ সম্প্রতি একই অঞ্চলে ধারাবাহিক অগ্নিকাণ্ড ঘটছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্ধকার ভোরে হঠাৎ জুট গুদাম থেকে আগুন বের হতে দেখে তারা ছুটে গিয়ে খবর দেন ফায়ার সার্ভিসকে। কিন্তু এর আগেই আগুন আশপাশের কারখানা ও কলোনিতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের টিমগুলো এসে যৌথভাবে আগুন নেভানোর কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, “ঘটনাস্থলে আমাদের চারটি ইউনিট কাজ করেছে এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। সৌভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি।”
আরও পড়ুন:








