সিরাজগঞ্জ-এক (কাজিপুর ও সদর আংশিক) আসনে নির্বাচননি প্রচারণাকে কেন্দ্র করে কাজিপুর উপজেলার সোনামূখী ইউনিয়নে সহিংসতার ঘটনায় অন্তত ৫০–৬০ জন আহত হয়েছেন। হামলা ও সংঘর্ষের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশ অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে সোনামূখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামে একটি ইসলামী জালসা চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম সেখানে উপস্থিত হওয়ার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা একপর্যায়ে ধাওয়া–পাল্টাধাওয়া ও হাতাহাতিতে রূপ নেয়।
পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসার পর জালসা কার্যক্রম সম্পন্ন হয়। তবে রাত সাড়ে ১১টার দিকে অনুষ্ঠান শেষ করে বের হওয়ার সময় শাহিনুর আলমের গাড়িবহর দ্বিতীয়বার হামলার মুখে পড়ে। এ সময় দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহারের তথ্য পাওয়া গেছে।
সহিংসতায় সোনামূখী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলামসহ কয়েকজন গুরুতর আহত হন। অন্যান্য আহতদের মধ্যে অনেকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া গভীর রাতে সোনামূখী বাজার এলাকায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
ঘটনার পর কাজিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের অভিযোগ যাচাই-বাছাই চলছে। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে এবং পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
আরও পড়ুন:








