মঙ্গলবার

১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

লালমনিরহাটে যুবদলের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে কাঠের সেতু নির্মাণ

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৫ ১৩:৩৯

শেয়ার

লালমনিরহাটে যুবদলের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে কাঠের সেতু নির্মাণ
ছবি: বাংলা এডিশন

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ঝাড়ীরঝার এলাকায় রত্নাই নদীর ওপর স্বেচ্ছাশ্রমে দৃষ্টিনন্দন কাঠের সেতু নির্মাণ করেছে জেলা যুবদল। এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে ভেলাবাড়ী ও দূর্গাপুর, দুই ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে।

সোমবার বিকেলে সেতুটি উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

স্থানীয়দের মতে, এতদিন রত্নাই নদী পারাপারের একমাত্র মাধ্যম ছিল নৌকা। বিশেষ করে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থীকে প্রতিদিনই নৌকায় ঝুঁকি নিয়ে নদী পার হতে হতো। বর্ষায় দুর্ভোগ আরও বাড়ত।

এই পরিস্থিতি থেকে মুক্তি দিতেই যুবদলের নেতাকর্মীরা নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে ৭৫ ফুট দীর্ঘ ও পাঁচ ফুট প্রস্থের কাঠের সেতুটি নির্মাণ করেন। কাজের নেতৃত্ব দেন জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ ও সদস্য সচিব হাসান আলী।

সেতুটি চালু হওয়ায় ঝাড়ীরঝার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিষতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিষতুলি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ স্থানীয় কৃষক ও শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন। যাতায়াতে সময়, খরচ ও ঝুঁকি কমে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘মানুষের দুঃখ-দুর্দশার স্থানে পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। সেই দায়িত্ববোধ থেকেই যুবদলের উদ্যোগে এই সেতু নির্মাণ করা হয়েছে।’

তিনি আশা প্রকাশ করেন, প্রতিযোগিতামূলক নির্বাচন হলে জনগণের ম্যান্ডেট নিয়ে এ সেতুর স্থায়ী সমাধানসহ আরও উন্নয়ন কাজ করা হবে।

অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



আরও পড়ুন:

banner close
banner close