চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মোড়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নয়ন আলী নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। নিহত নয়ন আলী উপজেলার নয়ালাভাঙ্গা মোড়লটোলা গ্রামের আব্দুল করিমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে রবিবার সন্ধ্যায় বাবুপুর মোড়ে নয়ন আলীর ওপর অতর্কিতভাবে হামলা চালায় একদল সন্ত্রাসী। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নয়নের মৃত্যুর পর রাতেই হত্যাকারীরা পুনরায় তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। তারা ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে ও লুটপাট চালায়। আগুনে বাড়ির একটি অংশ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, নিহত নয়ন আলী বিএনপি নেতা আশরাফুল ইসলাম আশরাফের ঘনিষ্ঠ হলেও মাদক ব্যবসা, চাঁদাবাজি, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে সে জড়িত ছিলো। এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও মাদক নিয়ে বিরোধ এবং বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিং চলছিলো।
নিহত নয়নের মা সাংবাদিকদের জানান, তার ছেলে সুমনকে সাত্তার, বাবুল, খাইরুল, ঢোড়বোনা গ্রামের সাহেব, রাজ্জাক, সুমনরা মেরেছে।
এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ‘প্রতিপক্ষের হামলায় নয়ন নামে একজন নিহত হয়েছে। আধিপত্য বিস্তার নাকি অন্য কোনো কারণে হত্যা, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। নিহত নয়নের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলাও রয়েছে।’
আরও পড়ুন:








