গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মো. আজিজুর রহমান দুই আদালতের পরপর রায় তার পক্ষে যাওয়ার পর পুনরায় দায়িত্ব গ্রহণ এবং পাঁচ বছরের বকেয়া সম্মানী ভাতা প্রদানের আবেদন করেছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বরাবর এ আবেদন দাখিল করেন।
আবেদনে উল্লেখ করা হয়, ২০২০ সালের ১৮ এপ্রিল তাকে মসজিদের ইমাম পদ থেকে অবৈধ হস্তক্ষেপে অব্যাহতি দেওয়া হয়। এরপর তিনি সিনিয়র সহকারী জজ আদালতে ৫২/২০২০ নং মামলা দায়ের করলে একই বছরের ১৫ জুলাই আদালত রায় প্রদান করে। এতে নির্দেশ দেওয়া হয়, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে স্বপদে বহাল রাখা হবে, নিয়মিত সম্মানী ভাতা প্রদান করা হবে এবং নতুন কোনো ইমাম নিয়োগ করা যাবে না।
পরবর্তীতে উপজেলা প্রশাসন এ আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে মিস আপিল নং ১১/২০২০ দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে চলতি বছরের ২৭ অক্টোবর জেলা জজ আদালত আপিল খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল রাখেন।
আদালতের আদেশে মাওলানা মো. আজিজুর রহমানকে উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম পদে বহাল রেখে বলা হয়, কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।
দুই আদালতের রায় বহাল থাকায় ইমাম আজিজুর রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্বে যোগদানের অনুরোধ এবং ১৮ এপ্রিল ২০২০ থেকে এ পর্যন্ত বকেয়া সম্মানী ভাতা দ্রুত পরিশোধের দাবি জানিয়ে এ আবেদন করেছেন।
ইমাম আজিজুর রহমান বলেন, ‘আদালতের রায় দুইবারই আমার পক্ষে এসেছে। তাই আইন অনুযায়ী দায়িত্বে যোগদান ও সম্মানী ভাতা পাওয়ার অধিকার আমার রয়েছে। রায় বাস্তবায়নে প্রশাসনের দ্রুত ব্যবস্থার প্রত্যাশা করছি।’
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি রাজ কুমার বিশ্বাস বলেন, ‘অফিসিয়ালি এখনো আদালতের কোনো লিখিত নির্দেশনা আমাদের কাছে পৌঁছায়নি। নির্দেশনা পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন:








