রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

মহিপুরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু, নদীর তীরের ঝুপড়ি ঘর থেকে লাশ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫ ১৩:৫৩

শেয়ার

মহিপুরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু, নদীর তীরের ঝুপড়ি ঘর থেকে লাশ উদ্ধার
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর মহিপুরে নদীর তীরবর্তী একটি ঝুপড়ি ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর খেয়াঘাট এলাকা থেকে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন— সিরাজউদ্দিন খান (৭৫) ও তার স্ত্রী আকলিমা বেগম (৬৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজউদ্দিন মহিপুর সদর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের বাসিন্দা। কয়েক বছর আগে তিনি তৃতীয় স্ত্রী আকলিমা বেগমকে বিয়ে করেন। এরপর তারা পেয়ারপুর খেয়াঘাট সংলগ্ন নদীর তীরে একটি ছোট ঝুপড়ি ঘর তুলে বসবাস শুরু করেন।

জীবিকার তাগিদে সিরাজউদ্দিন বরইতলা নদীতে খেয়া নৌকা চালাতেন, আর আকলিমা জীবিকা নির্বাহ করতেন ভিক্ষাবৃত্তির মাধ্যমে।

মঙ্গলবার ভোরে ফজরের নামাজের সময় সিরাজউদ্দিনকে না দেখে স্থানীয় মুসল্লি বাদল তালুকদার খোঁজ নিতে তাদের ঘরে যান। দরজা খোলা পেয়ে ভেতরে প্রবেশ করে তিনি দেখেন— মাটিতে পড়ে আছেন সিরাজউদ্দিনের নিথর দেহ, আর পাশে চৌকির ওপর শুয়ে আছেন তার স্ত্রী আকলিমা বেগম। বিষয়টি নিশ্চিত হয়ে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সিরাজউদ্দিনের গলার নিচে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও কালচে দাগ রয়েছে। আকলিমার শরীরেও আঘাতের চিহ্ন দেখা গেছে। ঘরের মাটিতেও রক্তের দাগ পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, সোমবার গভীর রাতে অজ্ঞাত কেউ তাদের হত্যা করে পালিয়ে গেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ঘটনাটি প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। পটুয়াখালী থেকে সিআইডি টিম ঘটনাস্থলে আসছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



banner close
banner close