শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

সিরাজগঞ্জ সলঙ্গায় বিএনপি নেতার বিরুদ্ধে শিক্ষার্থীদের গণঅভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫ ১৯:১০

শেয়ার

সিরাজগঞ্জ সলঙ্গায় বিএনপি নেতার বিরুদ্ধে শিক্ষার্থীদের গণঅভিযোগ
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জের সলঙ্গার উনুখাঁ পাগলা পীর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে আয়োজিত সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মুক্তিযোদ্ধা খোন্দকার তৌহিদুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী গণস্বাক্ষরসহ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

শনিবার (২ নভেম্বর) বিকেলে বিদ্যালয়ের শিক্ষার্থী রাশিদুল ইসলাম শিক্ষার্থীদের পক্ষ থেকে সলঙ্গা থানায় এ অভিযোগ দাখিল করেন।

অভিযোগে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করেন। সমাবেশ চলাকালে খোন্দকার তৌহিদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে চিহ্নিত করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন, যা তাদের মানহানি ও শিক্ষার পরিবেশ ক্ষুণ্ন করেছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, খোন্দকার তৌহিদুর রহমান দীর্ঘদিন ধরে ক্লাস চলাকালীন সময়ে অনধিকার প্রবেশ করে রাজনৈতিক বক্তব্য দিয়ে আসছেন। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ঘটনায় প্রায় ৪০০ শিক্ষার্থী সলঙ্গা থানা, উপজেলা শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, উনুখাঁ পাগলা পীর উচ্চ বিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে চারটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, অভিযুক্ত বিএনপি নেতাকে দ্রুত গ্রেপ্তার না করা হলে তারা মানববন্ধন ও উত্তরাঞ্চলের সড়কে অবরোধ কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছেন। তাদের অভিযোগ, বিদ্যালয়টি রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, যা শিক্ষার পরিবেশকে অস্থিতিশীল করে তুলেছে।



banner close
banner close