পটুয়াখালীর দশমিনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাফর আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিন্টু চন্দ্র মজুমদার, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম শাহিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা এস. এম. আরিফুর রহমান, তথ্য কর্মকর্তা নাদিরা আফরোজসহ স্থানীয় কৃষকবৃন্দ।
কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৫,০৫৫ জন কৃষকের মাঝে রবি মৌসুমের বিভিন্ন ফসল—গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারী, ফেলন ও শাকসবজির জন্য বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। এছাড়া ৪৫০ জন কৃষকের মাঝে সবজির বীজ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষিবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা আরও সুসংহত হবে।
আরও পড়ুন:








