চট্টগ্রামের সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আহমেদ হোসেন নয়াপাড়া গ্রামের জলিল বক্সের ছেলে। ঘটনার পর তার ছেলে রিয়াদ হোসেন (২৫) পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। এ ঘটনায় পুলিশ ঘাতক রিয়াদকে বাঁশখালী উপজেলার পুকুরিয়া চৌমুহনী এলাকা থেকে গ্রেপ্তার করেছে৷
ওসি আবু মাহমুদ কাউছার জানান, রিয়াদ নিহত ব্যক্তির বড় ছেলে। সে গ্রামে টমটম চালায়। পারিবারিক বিষয় নিয়ে রাতে বাবা-ছেলের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ছেলে রিয়াদ ঘরে থাকা ছুরি নিয়ে তার বাবার গলায় আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ততক্ষণে রিয়াদ পালিয়ে যায়। পরিবারের অন্যান্য সদস্যরা তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, ছেলের আঘাতে পিতার মৃত্যুর ঘটনার পর অভিযুক্ত রিয়াদকে আজ ভোরে বাঁশখালী উপজেলার পুকুরিয়া চৌমুহনী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন:








