শনিবার

১৭ অক্টোবর, ২০২৬ ২ কার্তিক, ১৪৩৩

মাদারীপুরে ছেলের হাতে বাবা খুন

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫ ১২:৩৮

শেয়ার

মাদারীপুরে ছেলের হাতে বাবা খুন
ছেলের হাতে বাবা খুন

মাদারীপুরের শিবচরে ছেলের কোদালের কোপে বাবা মতি মিয়া (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলেকে আটক করেছে শিবচর থানা পুলিশ।

রবিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মতি মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার বড়হাটি গ্রামের বাসিন্দা।

খবর পেয়ে ভোরে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম নেতৃত্বাধীন পুলিশ একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘাতক ছেলেকে আটক করে।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে রবিবার রাত আনুমানিক ১টার দিকে মতি মিয়াকে কোদাল দিয়ে কুপিয়ে ও আঘাত করে হত্যা করে তাঁর ছেলে ফারুক মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজের সন্ধানে কয়েক দিন আগে মাদারীপুরের শিবচরে এসে অবস্থান করছিলেন তিনি ও তাঁর পরিবার। ঘটনার দিন বিকেল থেকেই পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে ফারুক তার বাবার সঙ্গে ঝগড়া করেন। পরে সবাই ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় বাবাকে কোদাল দিয়ে উপর্যুপরি কোপ মারেন ফারুক। এতে ঘটনাস্থলেই মতি মিয়ার মৃত্যু হয়।

ওসি রাকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।