শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, চলবে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫ ২২:৪৯

শেয়ার

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, চলবে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি
ছবি: বাংলা এডিশন

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে চলমান অনির্দিষ্টকালের কর্মবিরতি থেকে প্রত্যাহার করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। কর্মবিরতি প্রত্যাহার করলেও দাবিপূরণে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরতরা।

রবিবার (৯ নভেম্বর) রাত ১০টায় বাংলা এডিশনকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি। তিনি বলেন, ‘সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে শিক্ষকদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে জানানো হয় সোমবার আন্তঃমন্ত্রণালয় একটি সভা হবে, সেখানে এ ব্যাপরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সেজন্য কর্মবিরতি স্থগিত করা হয়েছে, তাই সোমবার স্কুলে শ্রেণী কার্যক্রম চলবে।

আশানুরূপ সিদ্ধান্ত না আসলে ফের কর্মবিরতিতে যাওয়া হবে কি-না এ প্রসঙ্গে জানতে চাইলে খায়রুন নাহার লিপি বলেন, ‘শুধু সোমবার কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে যদি ইতিবাচক কোন সিদ্ধান্ত না আসে, প্রয়োজনে আমরা আরও কঠোর কর্মসূচির দিকে যাবো।

এর আগে রবিবার বেলা সাড়ে ১২টার দিকে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সদস্য ও শিক্ষক সায়েদুর রহমান আকন্দের জিম্মায় শাহবাগ থানায় আটক পাঁচ শিক্ষককে ছেড়ে দেয়া হয়। মুক্তি পাওয়া ওই শিক্ষকরা হলেন- জয়পুরহাটের মো. মাহবুবর রহমান, একই জেলার মো. আব্দুল কাদের, পটুয়াখালীর মো. নরুল ইসলাম লিটন, ঢাকার মো. শরীফুল ইসলাম ও সাতক্ষীরা জেলার মো. সোহেল রানা।

এক জিম্মানামার প্রেক্ষিতে দীর্ঘ ২০ ঘণ্টা পর আটক ও শিক্ষকদের ছেড়ে দেয়া হয়। জিম্মাদার শিক্ষক সায়েদুর রহমান আকন্দ জিম্মানামায় বলেন, ‘থানা পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে সুস্থ স্বাভাবিক অবস্থায় নিম্ন বর্নিত সাক্ষীদের উপস্থিতিতে আমার নিজ জিম্মায় গ্রহণ করিলাম।

পরে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মুখে কালো কাপড়ে মুখ বেঁধে দাবি আদায়ে কথা বলায় পুলিশি হামলার প্রতিবাদে চুপ কর্মসূচি পালন করে শিক্ষকেরা। আন্দোলনরত শিক্ষকদের দাবি, তাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন। এর আগে বিকেল ৩টা ৪৫ মিনিটের কাফনের কাপড় হাতে শিক্ষকরা শপথ নেন, দশম গ্রেড এবং শতভাগ পদোন্নতি ছাড়া ফিরে যাবেন না।

গত শনিবার (৮ নভেম্বর) সকাল থেকে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ নামে চারটি সংগঠনের ব্যানারে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। কর্মসূচির এক পর্যায়ে বিকেল সাড়ে ৩টায় শাহবাগে পূর্বনির্ধারিত ‘কলম সমর্পণ কর্মসূচি পালন করতে পদযাত্রা নিয়ে শাহবাগ থানার সামনে এলে পুলিশি বাঁধার সম্মুখীন হয়। একপর্যায়ে শিক্ষকেরা ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করলে জলকামান ও সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় ওই পাঁচ শিক্ষককে আটক করে থানায় নেয় পুলিশ। এরপরই অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়।

আন্দোলনরত শিক্ষকদের ৩ দফা দাবিগুলো হলো, ১০ম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি।



banner close
banner close