ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত মনোনয়নপ্রাপ্ত শেরপুর-১ (সদর) আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মাসুদের সমর্থকরা।
৯ নভেম্বর রবিবার বিকেলে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা বিএনপির সদস্য হাসানুর রেজা জিয়া, আমিনুল ইসলাম শিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ক্রিসেন্ট, সাবেক সিনিয়র সহসভাপতি দিদারুজামান সিদ্দিকী দিদার, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলমসহ বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শফিকুল ইসলাম মাসুদ দুঃসময়ে দলকে সংগঠিত করতে দিন-রাত কাজ করেছেন। বিগত ১৭ বছর দলের জন্য জীবন বাজি রেখে কাজ করছেন। কখনও জেলে ছিলেন, কখনও পালিয়ে বেড়িয়েছেন। দলের জন্য তিনি সব কিছু উৎসর্গ করেছেন। যদি মনোনয়ন পুনর্বিবেচনা না করা হয়, তবে শেরপুরে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ বলেন, দল যাকে মনোনীত করেছেন আমরা তার পক্ষে আছি।
উল্লেখ্য, শেরপুর-১ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক আহবায়ক মোহাম্মদ হযরত আলীর মেয়ে ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী আতিউর রহমান আতিকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
আরও পড়ুন:








