ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিয়োগবিধি সংশোধনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএলএসটি)-এর শিক্ষার্থীরা।
রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে তারা সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের নাসিরনগর কলেজ মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের পর উপজেলা প্রশাসনের আশ্বাসে তারা বেলা ১টার দিকে কর্মসূচি স্থগিত করেন।
শিক্ষার্থীরা জানান, চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন লাইভস্টক সায়েন্স কোর্স সম্পন্ন করার পরও নতুন নিয়োগবিধিতে তাদের জন্য কোনো পদ বরাদ্দ রাখা হয়নি। পুরনো বিধিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চলায় তারা চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, অথচ সাধারণ শিক্ষা সনদধারীরা সেই পদে নিয়োগ পাচ্ছেন।
শিক্ষার্থীদের দাবি, লাইভস্টক ডিপ্লোমাধারীদের জন্য আলাদা পদ সৃষ্টি করতে হবে এবং নিয়োগবিধি দ্রুত সংশোধন করতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে সারাদেশের সব আইএলএসটি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অধিদপ্তরের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।
অবরোধের কারণে আঞ্চলিক সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা।পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ ও নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকছুদ আহমেদ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
আরও পড়ুন:








