চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। রবিবার (৯ নভেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে প্রায় এক ঘণ্টাব্যাপী এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকতের সমর্থকরা এ কর্মসূচিতে অংশ নেন। তারা সদ্য ঘোষিত বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য শাজাহান মিয়ার মনোনয়ন বাতিলের দাবি জানান।
অবরোধ চলাকালে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা যানবাহন কানসাট এলাকায় আটকে পড়ে, ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, স্বাধীনতার পর থেকে আটবার দলীয় মনোনয়ন পেয়ে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ৯০ বছর বয়সী শাজাহান মিয়া। তবে গত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে তিনি বিদেশে অবস্থান করেছেন এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন না। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মাঠে থাকা ত্যাগী নেতা ও রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকতকে উপেক্ষা করে শারীরিকভাবে অসুস্থ এক প্রবীণ নেতাকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে প্রার্থী নির্বাচন পুনর্বিবেচনার আহ্বান জানান। তারা বলেন, “তৃণমূলের মতামতকে অগ্রাহ্য করে সিদ্ধান্ত নিলে আন্দোলনের মাধ্যমে জবাব দেওয়া হবে।” দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
আরও পড়ুন:








