বগুড়ার শিবগঞ্জে শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর স্নিগ্ধ বলেছেন, বাংলার মাটিতে খুনি শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
রবিবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার শহীদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মীর স্নিগ্ধ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। জুলাই যোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ দেশকে রক্ষায় তরুণদের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া যেমন নিজের সন্তানের লাশের পাশে কেঁদেছেন, তেমনই আমার মা শহীদ মীর মুগ্ধের লাশ নিয়ে কেঁদেছেন। তবুও স্বৈরাচার সরকার আমাদের ভাইয়ের দাফনেও বাধা দিয়েছিল। আমি নিজ হাতে ভাইয়ের লাশ দাফন করেছি, কিন্তু তারেক রহমান তার ভাইয়ের লাশও দেখতে পারেননি খুনি শেখ হাসিনার কারণে।
মীর স্নিগ্ধ আহ্বান জানান, খুনি শেখ হাসিনার নাম বাংলার ইতিহাস থেকে মুছে ফেলার। তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে, যাতে একটি সুন্দর, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা যায়।
সমাবেশে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও দলীয় এমপি প্রার্থী মীর শাহে আলম।
এর আগে মীর স্নিগ্ধ মহাস্থানগড় এলাকায় হযরত শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ পরিদর্শন করেন।
আরও পড়ুন:








