মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

হবিগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তরুণী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫ ১৮:৪১

শেয়ার

হবিগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তরুণী আটক
ছবি: সংগৃহীত

মোহাম্মদ আব্দুল মুহিন (শিপন), হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রথম স্ত্রী খাদিজা (রা.) সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ফাবিহা আক্তার নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ।

শনিবার বেলা ১টার দিকে চুনারুঘাট থানাধীন কুটিরগাঁও এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

আটক ফাবিহা শায়েস্তাগঞ্জ পৌরসভার কুটির এলাকার জসিম উদ্দিনের মেয়ে।

জানা যায়, ফাবিহা “সারা সুযেন”নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রথম স্ত্রী খাদিজা (রা.)-এর চরিত্র ও আর্থিক স্বাবলম্বিতা নিয়ে অবমাননাকর মন্তব্য পোস্ট করেন।

ওই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তরুণীর বাড়ি ঘেরাও করলে পুলিশ গিয়ে তাকে আটক করে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযুক্ত তরুণীকে আটক করেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানান তিনি।