শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

ঠাকুরগাঁওয়ে উলামা-মাশায়েখ সম্মেলন – ইসলামী মূল্যবোধে সমাজ গঠনের আহ্বান

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫ ১৬:২৭

শেয়ার

ঠাকুরগাঁওয়ে উলামা-মাশায়েখ সম্মেলন – ইসলামী মূল্যবোধে সমাজ গঠনের আহ্বান
ছবি: বাংলা এডিশন

ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার চর্চার মাধ্যমে সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হলো উলামা-মাশায়েখ সম্মেলন।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঠাকুরগাঁও-০১ আসনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন।

তিনি বলেন, আমরা ৫৪ বছর নির্যাতিত হয়েছি। এবার আমরা রাষ্ট্রক্ষমতায় গিয়ে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ ও আগামীর ঠাকুরগাঁওকে নিরাপদ, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত ঠাকুরগাঁওয়ে পরিণত করব। এজন্য তিনি সকল আলেম-ওলামাকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তাহলে আমাদের অগ্রযাত্রা ও বিজয় কেউ ঠেকাতে পারবে না।

তিনি আরও বলেন, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন ও ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি আলেমদের পক্ষে কাজ করব। আলেমরা আর নিগৃহীত বা নির্যাতিত হবেন না, ইনশাআল্লাহ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল কুরআন সিদ্দীকীয়া কামিল মাদ্রাসা, খুলনার অধ্যক্ষ মো. শামীম সাঈদী।

তিনি বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলেই সওয়াব হবে না, কিন্তু দাঁড়িপাল্লায় ভোট দিলে দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেউ সংসদ সদস্য নির্বাচিত হলে সরকারি কোনো প্লট বা গাড়ি নেবেন না। বরং জনগণের জন্য সকল সুযোগ-সুবিধা গণ্ডায় গণ্ডায় বুঝিয়ে দেওয়া হবে। বিগত দিনে আমাদের দুইজন মন্ত্রীসহ ১৮ জন এমপি ছিলেনকোনো সময়ই তাদের নামে দুর্নীতির ছায়া পড়েনি।

তিনি দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে ইসলামী শাসনব্যবস্থার মাধ্যমে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান এবং সকলকে জামায়াতে ইসলামীর ছায়াতলে এসে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অনুরোধ জানান।

সম্মেলনের বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জেলা সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, এবং সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার মুফাসসির ও উলামা বিভাগ, ঠাকুরগাঁওয়ের সভাপতি আলহাজ মাওলানা ফজলে রাব্বি মোর্তজাবী।

সম্মেলনের সভাপতিত্ব করেন অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও ও আসন পরিচালক, ঠাকুরগাঁও-০১।

বক্তারা বলেন, সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে কুরআন-সুন্নাহর আদর্শে ফিরে যেতে হবে। ইসলামভিত্তিক সমাজ গঠনই পারে দেশে ন্যায়, সততা ও মানবিকতার ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা করতে।



banner close
banner close