চট্টগ্রামের মিরসরাইয়ে ১'শ পিস ইয়াবাসহ ছালাউদ্দিন (৩৬) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ভোরবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ছালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের উত্তর সাহেরখালী মোল্লাপাড়া এলাকার এমদাদ আলী হাজী বাড়ির মহিউদ্দিনের ছেলে এবং সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
জানা গেছে, ৫ আগস্টের পর থেকে ছালাউদ্দিন এলাকায় বেপরোয়া হয়ে ওঠেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন।
ছালাউদ্দিনের দলীয় পদ নিশ্চিত করে সাহেরখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুর উদ্দিন বলেন, কেউ যদি অপরাধ কর্মকাণ্ডে জড়ায়, সেটা তার ব্যক্তিগত বিষয়। সংগঠন এর দায় নেবে না।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, শুক্রবার রাতে ভোরবাজার থেকে ছালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:








