শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

কৃষি ব্যবস্থার উন্নয়ন করতে হবে: বিজিএমইএ সভাপতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫ ১২:২১

শেয়ার

কৃষি ব্যবস্থার উন্নয়ন করতে হবে: বিজিএমইএ সভাপতি
বিজেএমইএ'র সভাপতি মাহমুদ হাসান খান বাবু

বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, আমরা যদি মনে করি আমরা ভালো থাকতে চাই, আমরা যদি মনে করি অত্র এলাকার অবকাঠামো—অর্থাৎ রাস্তা-ঘাটের উন্নয়ন চলমান থাকবে, আমরা যদি মনে করি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হবে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে এবং সর্বোপরি অত্র এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কৃষি ব্যবস্থার উন্নয়ন করতে হবে—তাহলে ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে।

শুক্রবার বিকেলে গড়াইটুপি ইউনিয়নে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

এদিন বিকেল ৩টায় মাহমুদ হাসান খান বাবু গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে কেটিজিএম ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন। পরে তিনি গড়াইটুপি ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী পথসভা করেন।

পথসভায় তিনি আরও বলেন, “এই বিশ্বাস আমরা সবাই করি—এখানে যারা আছি শতকরা ৯০ শতাংশ মানুষ এই আদর্শে বিশ্বাস করি। অন্য ১০ শতাংশ মানুষ এসেছেন আমরা কী বলছি সেটা শোনার জন্য। এই শতকরা ৯০ শতাংশ মানুষের কাজ হবে ধানের শীষের প্রতি মানুষের আস্থা বজায় রাখা এবং তা ছড়িয়ে দেওয়া। আমরা তো এই কয়জন মানুষের ভোটে জিতব না। জিততে হলে বিশেষ করে মা-বোনদের, যারা বাসায় আছেন, তাদের সঠিক বিষয়টা বুঝিয়ে বলতে হবে।”

জেলা বিএনপির সভাপতি আরও বলেন, “আপনারা অতীতে দেখেছেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, বিশেষ করে চুয়াডাঙ্গা-২ আসনে আমাদের নির্বাচিত নেতারা উন্নয়নের চেষ্টা করেছেন। কোথাও সফল হয়েছেন, কোথাও হয়নি। কিন্তু উন্নয়নের নামে বা চাকরি-বাকরির সুপারিশের নামে কোনো ধরনের দুর্নীতি আমাদের আগের এমপি মোজাম্মেল হক সাহেব করেছেন? না করেননি। তাঁরই উত্তরসূরি আমরা—আমরা একই আদর্শ বহন করি, মানুষের উপকার করার চেষ্টা করি, না পারলে অন্তত অপকার করি না। চলার পথে আমার বা আমাদের কোনো নেতা-কর্মীর ভুলভ্রান্তি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”

পথসভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিলটন, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, সহসভাপতি মো. আক্তার হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মো. মহিদুল জোয়ার্দ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল হাসান, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহাব্বত আলী, সহসভাপতি মো. রবিউল হক, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহাজুল হক প্রমুখ।



banner close
banner close