শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্য নিহত, বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫ ০৭:০৮

শেয়ার

সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্য নিহত, বাসে আগুন
সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্য নিহত, বাসে আগুন

ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন আকন নামে এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। এ সময় তাঁর মেয়ে আইরিন আক্তার এবং অপর এক আরোহী গুরুতর আহত হন।

শুক্রবার বিকেলে বরিশাল-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের উপজেলার দপদপিয়া ইউনিয়ন কলেজের সামনে একটি বাস অটোরিকশাকে চাপা দিলে আনোয়ার হোসেন আকন নিহত হন।

এ ঘটনার পর শুক্রবার সন্ধ্যার পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিহত আনোয়ার হোসেন আকন (৩৮) উপজেলার দুধারিয়া গ্রামের আব্দুল খালেক আকনের ছেলে। তিনি বিজিবি সদস্য; তবে র‌্যাব-১১–তে প্রেষণে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকেলে ঢাকা থেকে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায় এবং অটোরিকশার যাত্রী আনোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত হন। তাঁর মেয়ে আইরিন আক্তার ও অপর একজন গুরুতর আহত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাসটি রাস্তার পাশে পড়ে ছিল। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।



banner close
banner close