চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েনসহ বিএনপি নেতাদের জড়িয়ে স্বর্ণ পাচার, ৫ কেজি স্বর্ণ আত্মসাৎ ও সম্প্রতি গোয়ালপাড়ার পাঁচজনকে অপহরণের ঘটনায় অপপ্রচার ও গুজব ছড়ানোর প্রতিবাদ জানানো হয়েছে।
আজ শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্ড বিএনপি নেতা সাইফুর রহমান। তিনি বলেন, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি ভালো অবস্থানে রয়েছে। দলের এই অবস্থান নষ্ট করতে কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের নেতা-কর্মীদের নিয়ে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সম্প্রতি গোয়ালপাড়ার পাঁচজন অপহরণের ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে মঈন উদ্দীন ময়েনকে উদ্দেশ্যমূলকভাবে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। অথচ উদ্ধার হওয়া অপহৃত স্বপন আলীসহ কয়েকজন ভুক্তভোগী নিজেরাই জানিয়েছেন, তাদের অপহরণে যশোর এলাকার আব্দুল মজিদ, শাহিন, সাইফুল, রুহুল ও লালন জড়িত ছিলেন। অপহরণকারীরা ভারতের স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত বলে তারা জানান। জীবননগরের কেউ এ ঘটনায় জড়িত নয় বলেও তারা স্পষ্ট করেন।
মঈন উদ্দীন ময়েন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি কখনোই স্বর্ণ বা মাদকসহ কোনো চোরাচালানে জড়িত ছিলাম না। আওয়ামী লীগ সরকার আমলে ২০১৮ সালে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মাদক মামলা দেওয়া হয়। আমি সীমান্ত ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলাম, ব্যবসায়ী মানুষ, জীবননগরে আমার যমুনা ইলেকট্রনিকসের শোরুম রয়েছে। সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি মহল রাজনৈতিকভাবে আমাকে ও বিএনপিকে হেয় করার জন্য অপপ্রচার চালাচ্ছে। আমার দলের প্রার্থী হাসান খান বাবুর পরামর্শে আমি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।
অপহরণের শিকার স্বপন আলীসহ ভুক্তভোগী চারজন সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বলেন, আমাদের অপহরণের সঙ্গে যশোর এলাকার আব্দুল মজিদ, শাহিন, সাইফুল, রুহুল ও লালন জড়িত ছিল। ভারতীয় স্বর্ণ ব্যবসায়ীরাও যুক্ত ছিল। জীবননগরের কেউ এ ঘটনায় ছিল না।
সংবাদ সম্মেলনে জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন, সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক বদরুদ্দিন বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল হাসান মোহাম্মদ আবু তালেব, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি ভারতে পাচারকালে ৫ কেজি ওজনের প্রায় ১২ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎকে কেন্দ্র করে গত ১২ ও ১৩ অক্টোবর জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের পাঁচজনকে অপহরণ করা হয়। পরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও পুলিশ সুপারের বিশেষ টিম যৌথ অভিযানে যশোরের হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রাম থেকে অপহৃতদের উদ্ধার করে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি বর্তমানে জীবননগরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এরই প্রেক্ষিতে আজ বিএনপি নেতা মঈন উদ্দীন ময়েন ও স্থানীয় নেতারা সংবাদ সম্মেলন করে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান।
আরও পড়ুন:








