দক্ষিণ কেরানীগঞ্জে দেশীয় তৈরি রিভলভারসহ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের দক্ষিণ কেরানীগঞ্জ থানা কমিটির সহ-সম্পাদক মো. রাব্বী সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে কোন্ডা ইউনিয়নের উত্তর পানগাঁও এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মো. জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ মোহাম্মদ আকতার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, রাত সাতটা ৪৫ মিনিটে সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দিলে দুই যাত্রী দৌড়ে পালিয়ে যায়। পরে রাব্বী সরদারকে ঘটনাস্থলেই আটক করা হয় এবং তার কোমর থেকে কাঠের বাটযুক্ত লোহার তৈরি একটি দেশীয় রিভলভার উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে রাব্বী সরদার জানান, পালিয়ে যাওয়া দুইজনের নাম ইলিয়াস ও বাবু। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অস্ত্র আইনের ১৮৭৮ সালের ১৯(এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাব্বী সরদার দীর্ঘদিন ধরে ঢাকাসহ বিভিন্ন এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলো এবং শেখ হাসিনার পক্ষে মিছিল ও পোস্টার লাগানোর নেতৃত্ব দিত। তার মোবাইল ফোনে বিদেশে অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের তথ্যও পাওয়া গেছে।
শুক্রবার সকালে থানায় এক প্রেস ব্রিফিংয়ে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন:








