রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ-দুই আসনে বিএনপি প্রার্থী আমিনুলকে বয়কটের ডাক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫ ১২:১৬

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জ-দুই আসনে বিএনপি প্রার্থী আমিনুলকে বয়কটের ডাক
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জ-দুই (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলামকে বয়কটের ডাক দিয়েছেন একই আসনের তিনজন মনোনয়নবঞ্চিত প্রার্থী।

বৃহস্পতিবার রাতে নাচোল রেলস্টেশন এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তারা এই ঘোষণা দেন।

বয়কটের ঘোষণার সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী। সভায় বক্তারা দলীয় মনোনয়ন ঘোষণায় তৃণমূলের মতামত উপেক্ষার অভিযোগ তোলেন এবং মনোনয়ন বঞ্চিত নেতাদের পক্ষে আন্দোলনের হুশিয়ারি দেন।

সমাবেশে বক্তব্য দেন মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সূচি এবং গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তারিক আহমদ। তারা অভিযোগ করেন, সাবেক এমপি আমিনুল ইসলাম ২০১৮ সালের ‘বিতর্কিত’ নির্বাচনে অংশ নিয়ে দলের সিদ্ধান্ত অমান্য করে সংসদে যান এবং আওয়ামী লীগের সাথে ‘আতাতের মাধ্যমে তৎকালীন সরকারকে বৈধতা দেন।

বক্তারা আরও বলেন, এমপি থাকা অবস্থায় আমিনুল ইসলাম দলের কর্মসূচি উপেক্ষা করেছেন এবং এলাকায় কোনো উল্লেখযোগ্য উন্নয়ন কার্যক্রমও বাস্তবায়ন করতে পারেননি। তৃণমূল নেতাকর্মীরাও তাকে বিএনপির প্রার্থী হিসেবে গ্রহণযোগ্য মনে করেন না। তাদের দাবি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভুল তথ্য দিয়ে প্রাথমিক মনোনয়ন সংগ্রহ করেছেন তিনি।

সভায় বক্তারা দলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্রার্থিতা যাচাই-বাছাইয়ের আহ্বান জানান। তারা বলেন, যে ব্যক্তি একবার দলের নীতি-আদর্শ উপেক্ষা করে সংসদে গিয়ে আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিয়েছে, তাকে পুনরায় মনোনয়ন দেয়া দলের প্রতি অন্যায়।

উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ না নিলেও চাঁপাইনবাবগঞ্জ-দুই আসন থেকে দলীয় প্রার্থী আমিনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-তিন আসন থেকে হারুনুর রশিদ নির্বাচিত হয়ে সংসদে যান। পরে তিনি দলের সিদ্ধান্তে পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই এমপি পদ থেকে পদত্যাগ করেন। এরপরও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পুনরায় তাদের দুইজনকে মনোনয়ন দিয়েছে।



banner close
banner close