মেহেরপুর-১ আসনের জন্য দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির (Bangladesh Nationalist Party-BNP) অঙ্গসংগঠন জেলা মহিলা দল।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে আটটার সময় মেহেরপুর জেলা বিএনপির কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহম্মেদ এর নেতৃত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে জেলা মহিলা দলের সহ-সভাপতি সাবিহা সুলতানা, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমুন নাহার রিনা, ৪ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি সালমা খাতুন, আমঝুপি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মহিলা সদস্য মেরিনা খাতুন, মহিলা দল নেত্রী নবীনা মল্লিক, শিমু খাতুন, নাজু, পিয়ারী খাতুন, মুক্তা, রাকিবা, চায়না, কনা, জতি, লাবনীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা তাদের দাবি জানিয়ে বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে যারা মনোনয়ন দিয়েছে, তাদের সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনা করতে হবে। মেহেরপুর-১ আসনের জনগণ যোগ্য ও জনপ্রিয় প্রার্থী চায়, দলীয় কোন্দল নয়।
তারা আরও বলেন, দলকে শক্তিশালী করতে হলে তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অন্যথায় সংগঠনের ঐক্য বিনষ্ট হবে।
বিক্ষোভ শেষে নেত্রীবৃন্দ মেহেরপুর-১ আসনের জন্য প্রদত্ত মনোনয়ন পুনর্বিবেচনা করার দাবি জানিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জোরালো আহ্বান জানান।
আরও পড়ুন:








