পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে অবস্থিত কমিউনিটি ক্লিনিকটি গত পাঁচ দিন ধরে বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছেন এলাকার কয়েক হাজার মানুষ।
সরেজমিনে বৃহস্পতিবার সকালে দেখা যায়, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তালাবদ্ধ রয়েছে আউলিয়াপুর কমিউনিটি ক্লিনিক। স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। স্থানীয়রা জানিয়েছেন, গত রবিবার (২ নভেম্বর) থেকে ক্লিনিকের দরজা বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আউলিয়াপুর কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে থাকা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মাহাউদ্দিন লাবুকে সম্প্রতি ‘ডেভিল হান্ট’ অভিযানে দশমিনা থানা পুলিশ গ্রেপ্তার করে। তিনি বর্তমানে জেল হাজতে রয়েছেন। তার অনুপস্থিতিতে ক্লিনিকের সেবা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ফলে এলাকাবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছে।
ক্লিনিকে সেবা নিতে আসা মমতাজ বেগম বলেন,
“আমার কয়েক দিন ধরে জ্বর ও মাথাব্যথা। বুধবার ও বৃহস্পতিবার দুই দিনই ক্লিনিকে এসে দেখি তালা ঝুলছে। চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে।”
অন্য এক সেবাগ্রহীতা গাজী হাসান বলেন,
“এভাবে ক্লিনিক কখনো বন্ধ দেখিনি। জ্বর, গলা ব্যথা, মাথা ঘোরা নিয়ে এসেছিলাম, কিন্তু দরজায় তালা। আমার মতো অনেকেই প্রতিদিন ফিরে যাচ্ছে।”
আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সদস্য অসি সমাদ্দার বলেন,
“কমিউনিটি ক্লিনিকটি এলাকার সাধারণ মানুষের একমাত্র ভরসা। গত রবিবার থেকে এটি বন্ধ রয়েছে। প্রতিদিন মানুষ এসে তালা দেখে ফিরে যাচ্ছে। শুনেছি, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জেলে আছেন। আমি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং প্রশাসনের কাছে অনুরোধ করবো, দ্রুত যেন ক্লিনিকটি চালু করা হয়।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বলেন,
“আমি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লিনিক বন্ধ থাকার বিষয়টি জানতে পেরেছি। দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি বর্তমানে জেল হাজতে আছেন বলে তথ্য পেয়েছি। বিষয়টি নিশ্চিত হতে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে। ইতোমধ্যে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে, আমরা তা বাস্তবায়ন করবো।”
এদিকে, দীর্ঘ পাঁচ দিন ধরে স্বাস্থ্যসেবা বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ক্লিনিকটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন।
আরও পড়ুন:








