সোমবার

৪ মে, ২০২৬ ২১ বৈশাখ, ১৪৩৩

দক্ষিণ কেরাণীগঞ্জে দুর্ধর্ষ ছিনতাইকারী রাজু হাওলাদার গ্রেপ্তার

কেরাণীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫ ১৩:৪৭

আপডেট: ৬ নভেম্বর, ২০২৫ ১৫:০১

শেয়ার

দক্ষিণ কেরাণীগঞ্জে দুর্ধর্ষ ছিনতাইকারী রাজু হাওলাদার গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

দক্ষিণ কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ছিনতাইকারী রাজু হাওলাদার (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেখানো স্থানে থেকে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে এবং দক্ষিণ কেরাণীগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর ৬টার দিকে এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃত রাজু হাওলাদার পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার তেতুলিয়া গ্রামের মৃত পিয়ারা বেগম ও মো. ফিরোজ হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ কেরাণীগঞ্জের চর খেজুরবাগ মন্দির এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর ভোরে তিনজন ছিনতাইকারী এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার মোটরসাইকেল, আইফোন, নগদ টাকা ও মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেয়। ভুক্তভোগী থানায় অভিযোগ করলে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা (নং-১২(১১)২৫, ধারা ৩৯২) দায়ের করা হয়।

মামলার তদন্তে নেমে এসআই জহুরুল ইসলামের নেতৃত্বে পুলিশ রাজু হাওলাদারকে গ্রেপ্তার করে এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে খেজুরবাগ মন্দির এলাকার পাকিজা গলির ইউনুস মিয়ার বাড়ির সামনে থেকে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করে।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, রাজু হাওলাদার দীর্ঘদিন ধরে ঝিলমিলসহ আশপাশের এলাকায় সক্রিয় একটি ছিনতাই চক্রের মূল হোতা। তার বিরুদ্ধে আরও দুটি ছিনতাই মামলা রয়েছে।



banner close
banner close