বগুড়ার শাজাহানপুরে এক দরিদ্র রিকশাচালকের জীবনের সমস্ত সঞ্চয় রাতারাতি শেষ হয়ে গেলো দুর্বৃত্তদের নিষ্ঠুরতায়। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা রাতে আশেকপুর ইউনিয়নের নন্দুকুল গ্রামে রিকশাচালক আবু বক্করের গোয়ালঘরে ঢুকে তিনটি গরুকে ছুরিকাঘাত করে ক্ষতবিক্ষত করে ফেলে অজ্ঞাত দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, আবু বক্কর বহু কষ্টে ঋণ করে তিনটি গরু লালন করছিলেন। ভাবছিলেন কোরবানির সময় বিক্রি করে সংসারে একটু স্বস্তি আনবেন। কিন্তু রাতের অন্ধকারে দুর্বৃত্তদের ছুরির কোপে মুহূর্তে শেষ হয়ে গেলো সেই স্বপ্ন।
গরুর আর্তনাদ শুনে ছুটে যান প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় তিনটি গরু গোয়ালঘরে লুটিয়ে ছিল। পরে এলাকাবাসীর সহায়তায় গুরুতর আহত একটি গরুকে জবাই করতে বাধ্য হন আবু বক্কর।
চোখের পানি মুছতে মুছতে আবু বক্কর বলেন, আমার জীবনের একমাত্র আশা ছিল এই গরুগুলো। এখন আমি নিঃস্ব... সন্তানদের মুখে খাবার তুলবো কীভাবে জানি না।
এলাকাজুড়ে এ ঘটনায় নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:








