রবিবার

১৮ অক্টোবর, ২০২৬ ৩ কার্তিক, ১৪৩৩

‘ভারত জাকির নায়েককে ফেরত চাইলে, খুনি হাসিনাকে আগে ফেরত দিতে হবে’

জবি, প্রতিনিধি

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫ ২০:১১

শেয়ার

‘ভারত জাকির নায়েককে ফেরত চাইলে, খুনি হাসিনাকে আগে ফেরত দিতে হবে’
ছবি: বাংলা এডিশন

ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা বলেছেন, 'ভারত যদি ড. নায়েককে ফেরত চায়; তবে খুনি হাসিনাকে আগে ফেরত দিতে হবে। আগস্টের পর দিল্লি-পিন্ডির আধিপত্যবাদ আর চলবে না।

বুধবার ড. জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি না দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভাস্কর্য চত্বরে আপ বাংলাদেশের এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মাসুদ রানা আরো বলেন, 'ড. জাকির নায়েক কোনো অপরাধী নয়। তিনি ২০০ কোটি মুসলিমের হৃদয়ের স্পন্দন। তিনি সারা বিশ্বে শান্তির বার্তা প্রচার করেন। "গুজরাটের কসাই" নরেন্দ্র মোদির কাছে সে সন্ত্রাসী হতে পারে, আমাদের কাছে তিনি একজন ইসলামিক স্কলার।

আপ বাংলাদেশের জবি শাখার সংগঠক তৌহিদুল ইসলাম বলেন, 'গত ১৫ বছর খুনি হাসিনা বাংলাদেশকে ভারতের কলোনিতে রূপান্তরিত করেছে। জুলাই অভ্যুত্থান ছিল এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আমরা ভেবেছিলাম এই সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলবে। কিন্তু দুঃখের বিষয় ভারতের ভেটো দেয়ার কারণে সরকার জাকির নায়েককে আসতে বাধা দেয়। বাংলাদেশের ছোটখাটো বিষয়ে ভারত আধিপত্য বিস্তার করেছে। ৫ আগস্টের পর ভারতীয় আধিপত্যবাদ জাতি মেনে নেবে না।

এসময় বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এখানে আসার অনুমতি কে পাবে আর কে পাবে না, সেটা এ দেশের জনগণ ঠিক করবে। ভারতের প্রেসক্রিপশনে কোনো ব্যক্তিকে বাংলাদেশে আসার অনুমতি না দেয়া কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আর এইচ নয়ন, তাফহিম রাফি, আশিকুল ইসলাম রাতুল, আহনাফ আতিফসহ সংগঠনের বেশ কয়েকজন নেতৃবৃন্দ।