গাজীপুরের পূবাইল এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ এর অভিযানে পাঁচ মণ ঘোড়ার মাংস ও ৩৭টি অসুস্থ ঘোড়া উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে পূবাইল থানার হায়দরাবাদ এলাকার তাকওয়া মসজিদ সংলগ্ন শফিকুল ইসলামের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ঘোড়া জবাই ও মাংস বিক্রির সাথে জড়িত কাউকেই আটক করা সম্ভব হয়নি।
অভিযানে র্যাব-এক এর পাশাপাশি গাজীপুর জেলা প্রশাসন, পুলিশ, আনসার ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে তার বাড়ির নির্মাণাধীন শেডে ঘোড়া জবাই করে রাজধানীসহ গাজীপুরের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে মাংস সরবরাহ করতেন। অভিযোগ রয়েছে, এসব মাংস গরুর মাংস হিসেবে বিক্রি করা হতো।
র্যাব-এক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কিছু অসাধু ব্যক্তি অসুস্থ ঘোড়া জবাই করে মাংস সংরক্ষণ ও বিক্রি করছে। পরে বিশেষ অভিযানে পাঁচ মণ মাংস ও ৩৭টি রুগ্ন ঘোড়া উদ্ধার করা হয়।
এর আগে বিষয়টি নিয়ে শফিকুল ইসলাম দাবি করেছিলেন, এটি বৈধ ব্যবসা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গাজীপুর জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও জেলা প্রশাসন তাকে সতর্ক করে ঘোড়া জবাই ও বিক্রি নিষিদ্ধ করে। কিন্তু তিনি নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা পাঁচ মণ ঘোড়ার মাংস জব্দ ও ৩৭টি অসুস্থ ঘোড়া উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ঘোড়াগুলো স্থানীয় দুই ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে।’
তিনি আরও জানান, “ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন:








