রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

নির্দোশ প্রমাণিত হওয়ায় ফের দায়িত্বে ফিরলেন গোয়েন্দা পুলিশের দুই কর্মকর্তা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫ ২০:১৫

শেয়ার

নির্দোশ প্রমাণিত হওয়ায় ফের দায়িত্বে ফিরলেন গোয়েন্দা পুলিশের দুই কর্মকর্তা
ফাইল ছবি

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক ইনচার্জ ইকবাল বাহার ও উপপরিদর্শক (এসআই) ফজলুল হককে পুনরায় বগুড়ায় ফিরিয়ে আনা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজশাহী রেঞ্জ থেকে তাঁদের সংযুক্তির আদেশ প্রত্যাহার করে জেলা পুলিশে ফেরত পাঠানো হয়।

বগুড়ার পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনিক কারণে তাঁদের সাময়িকভাবে রাজশাহীর রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের মূল কর্মস্থলে ফেরানো হয়েছে।

গতকাল (সোমবার) রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত আদেশে বলা হয়, ১৪ অক্টোবর যেসব কর্মকর্তাকে আরআরএফ রাজশাহীতে সংযুক্ত করা হয়েছিল, তাঁদের মধ্যে দুই কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা মেলেনি। ফলে সংযুক্তির আদেশ প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার, পরিদর্শক রাকিব হোসেন ও এসআই ফজলুল হককে রাজশাহীর আরআরএফে সংযুক্ত করা হয়। পরবর্তীতে অভিযোগ তদন্তে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহাবুদ্দিন ২১ অক্টোবর বগুড়ায় এসে তদন্ত পরিচালনা করেন।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁদের মধ্যে ইকবাল বাহার ও ফজলুল হকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের সংযুক্তির আদেশ বাতিল করা হয় এবং বগুড়া জেলা পুলিশে যোগদানের অনুমতি দেওয়া হয়।

ইকবাল বাহার বলেন, সংযুক্তির আদেশ প্রত্যাহার হওয়ায় আজ রাজশাহী থেকে ছাড়পত্র নিয়ে বগুড়া জেলা পুলিশে যোগদানের উদ্দেশ্যে রওনা হবো।



আরও পড়ুন:

banner close
banner close