রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

দারিদ্র্যতাকে হার মানিয়ে বাদশার স্বর্ণপদক জয়

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫ ১৪:৩০

শেয়ার

দারিদ্র্যতাকে হার মানিয়ে বাদশার স্বর্ণপদক জয়
বাদশার স্বর্ণপদক জয়

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আলহাজ্ব গহের আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী লালচাঁন বাদশা। সম্প্রতি ৫২তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে বাদশার মতোই স্বর্ণপদক নিয়ে ফিরেছে সে। জাতীয় পর্যায়ের এই সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে প্রমাণ করেছে, দারিদ্র্যতাকে হার মানিয়ে ছুটে চলা যায় বাদশার মতো।

দারিদ্র্যতাকে পাশ কাটিয়ে, নানান প্রতিকূলতার মাঝেও সাফল্য অর্জন করায় খুশি তার সহপাঠীসহ গহের আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা।

ছোটবেলা থেকে বন্ধুদের নিয়ে নদীতে সাঁতার কাটতো লালচাঁন। আর তাই সাঁতার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পাওয়ায় গর্বিত প্রতিবেশীরা।

তার এ সাফল্যে মা-বাবা গর্বিত হলেও সাঁতার প্রতিযোগিতায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে খেলতে পর্যাপ্ত অর্থ না থাকায় সন্তানের পাশে থাকতে পারছেন না তারা। সংসার চালানোসহ লালচাঁনের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাওয়ায় স্বপ্নভঙ্গ হচ্ছে বলে জানান বাদশার মা-বাবা।

গরিব পরিবারের সন্তান হলেও বাদশার সাফল্যে গৌরববোধ করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তবে প্রশাসনের পৃষ্ঠপোষকতা পেলে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলে বাদশা দেশের সুনাম অক্ষুণ্ণ রাখবে বলে জানান তিনি।

জেলার হাতীবান্ধা উপজেলায় শিক্ষা কার্যক্রমের পাশাপাশি অ্যাথলেটিক্সের সঙ্গে যারা জড়িত রয়েছেন, তাদের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে, বাদশার প্রতিভা যেন আন্তর্জাতিক পর্যায়ে বিকশিত হতে পারে, সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

সকাল থেকে শেষ দুপুর পর্যন্ত স্কুলে ক্লাস, বিকেল থেকেই অনুশীলন, সন্ধ্যায় পড়াশোনা। রাত হলেই আন্তর্জাতিক অঙ্গনে সাঁতরে বেড়ানোর স্বপ্ন ঘুমাতে দেয় না বাদশাকে। দারিদ্র্যতার অন্ধকারে তার প্রতিভা হারিয়ে না যাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।



banner close
banner close