চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জঙ্গল পাইয়াং এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে অংশ নেওয়ায় এক যুবকের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আহত যুবক মো. ইউনুস আদনান (৩০) রবিবার সকালে বাঁশখালী থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, রবিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জঙ্গল পাইরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রোডসংলগ্ন মন্দিরের পাশে প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার পথে অভিযুক্ত মো. আবু তালেক (৩৫) ও মো. জামাল (৪০)সহ কয়েকজন তাঁর ওপর অর্তকিত হামলা চালান।
ইউনুস আদনানের দাবি, হামলাকারীরা লাঠি, সোঠা ও ধারালো দা নিয়ে তাঁর ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে। এতে তাঁর পা, হাঁটু, কোমর ও পিঠে আঘাত লাগে। এ সময় তাঁর পকেটে থাকা স্যামসাং মোবাইল ফোন ও ১১ হাজার ৫শত টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।
হামলার পর স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
ভুক্তভোগী ইউনুস আদনান বলেন, ‘পূর্ব পাইরাং (দেলা মার্কেট সংলগ্ন বড় পুকুর পাড়া), চাড়িয়া পাড়া, হিন্দু পাড়া ও আব্বাস পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী ও সেবীদের তৎপরতা চলছে। এখানে দিন-রাত প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন হয়। এতে এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে। এ অবস্থা রোধে স্থানীয় সচেতন তরুণরা পাহারার ব্যবস্থা করে। মাদকসেবীরা ধরা পড়লে ধাওয়া করতে গেলে অভিযুক্তরা আতিক নামে এক যুবককে আঘাত করে। পরে আমরা সাধারণ ডায়েরি করি। এরপরও তারা প্রকাশ্যে মহড়া দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে।’
তিনি আরও জানান, ‘এ ঘটনায় মামলা করলে আমাকে ও আমার পরিবারকে খুন করে লাশ গুম করার হুমকি দিয়েছে অভিযুক্তরা।’
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, 'অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
স্থানীয়রা জানান, জঙ্গল পাইয়াং ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আরও পড়ুন:








