হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের ব্যবস্থাপনা বিভাগের রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে হট্টগোলের কারণে কনসার্ট পণ্ড হয়ে গেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে জালাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ কনসার্টে চেয়ার ছোড়াছুড়ি ও দৌড়াদৌড়িতে অন্তত ২০ জন আহত হন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর স্থানীয় শিল্পী বাধন মঞ্চে উঠতেই দর্শকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। পরে ক্লোজআপ ওয়ান শিল্পী আশিক ও ব্যান্ড দল লালন মঞ্চে উঠলেও উচ্ছৃঙ্খলতা থামেনি। স্বেচ্ছাসেবকদের লাঠিপেটার পর পরিস্থিতি আরও বেগতিক হলে দর্শকদের মাঝে হুড়োহুড়ি শুরু হয়।
অনুষ্ঠান আয়োজকদের এক সদস্য বলেন, উন্মুক্তভাবে অনুষ্ঠান করাই ছিলো বড় ভুল, এতে নারী দর্শকরাও অরক্ষিত অবস্থায় পড়েন।
এ ব্যাপারে বক্তব্যের জন্য আহ্বায়ক রাজীব আহমেদ রিংগনের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন জানান, পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশৃঙ্খলকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:








