সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ দেশের সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে প্রেস ক্লাব যশোরের সামনে সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যরা ব্যানার-ফেস্টুন হাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এসএম ফরহাদ। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহকারী মহাসচিব নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, সাংবাদিক নেতা সরোয়ার হোসেন, কাজী আশরাফুল আজাদ, সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ হুসাইন ও তরিকুল ইসলাম তারেক প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যার এক যুগ পেরিয়ে গেলেও এখনো বিচার হয়নি, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য এক কলঙ্কজনক বিষয়। তারা অবিলম্বে এ হত্যাসহ দেশের সব সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার সম্পন্ন করার দাবি জানান।
এ সময় বক্তারা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠন এবং অযৌক্তিকভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের আহ্বান জানান।
মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন যশোরের বিভিন্ন প্রজন্মের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








