চট্টগ্রামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের দায়িত্ব পালন করতে যাওয়া পুলিশদের বহনকারী একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ২০ পুলিশ আহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী। পুলিশ জানিয়েছে, গাড়িটি ব্রেক ফেল হয়ে এই দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নগরীর দামপাড়া পুলিশ লাইনস এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হেডকোয়ার্টারের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, সিএমপি হেডকোয়ার্টার থেকে বাসটি বের হওয়ার পরপরই দামপাড়ার ভেতরে ব্রেক ফেল হয়ে দুর্ঘটনা ঘটে। এতে নারী সদস্যসহ ১৫ থেকে ২০ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে পুলিশ লাইনস হাসপাতালে এবং বাকিদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন। দুর্ঘটনা কবলিত বাসটি বর্তমানে পুলিশ লাইনসের ভেতরে রাখা হয়েছে।
এদিকে একটি সূত্র জানিয়েছে, বাসটি যে এলাকা থেকে বের হচ্ছিলো সেটি বেশ উঁচু-নিচু। রওনা হওয়ার পরই চালক বুঝতে পারেন গাড়িটি ব্রেক ফেল করেছে। এসময় তিনি বাসে থাক সবাইকে শক্ত হয়ে বসতে বলেন। এরপর গাড়িটি সড়কের পাশে একটি দেয়ালে ধাক্কা খায়।
চমেক হাসপাতালে একটি সূত্র জানিয়েছে, এখানে ডজন খানেক নারী পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কারও অবস্থা গুরুতর নয়। সবাইকে পরীক্ষাসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ার্ডে পাঠানো হয়েছে এবং অনেককে পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে। শুরুতে খানিকটা হুড়োহুড়ি হলেও পরে তা সামলে নেওয়া হয়।
আরও পড়ুন:








