রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

বাউফলে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

পটুয়াখালী, প্রতিনিধি

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ২১:১৭

শেয়ার

বাউফলে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর বাউফলে অবৈধ মাহেন্দ্রা ও ট্রলির বেপরোয়া চলাচল বন্ধ এবং নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাউফল সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে বাউফল–বরিশাল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত তাদের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান। আন্দোলনে সংহতি জানিয়ে কলেজের অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, মাহেন্দ্রা ও ট্রলিগুলো সরকারের অনুমোদনহীন, এসব যানবাহনের কোনো বৈধ রেজিস্ট্রেশন নেই, আর চালকদের নেই প্রশিক্ষণ বা লাইসেন্স। তাদের বেপরোয়া গতির কারণে গত কয়েক বছরে শিক্ষক, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাসহ অন্তত ২০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সম্প্রতি এক দুর্ঘটনায় একটি ট্রলির ধাক্কায় একটি ইজিবাইক দুমড়ে-মুচড়ে গেলে সেনাসদস্যসহ তিনজন গুরুতর আহত হন এবং বর্তমানে তারা চিকিৎসাধীন।

শিক্ষার্থীরা জানান, অবিলম্বে অবৈধ মাহেন্দ্রা ও ট্রলির চলাচল বন্ধ করতে হবে। অন্যথায় প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত এসব যানবাহনের সড়কে চলাচল রোধে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।

শিক্ষার্থী রুহুল আমিন, ইশতিয়াক রসুল সাইমুন ও মোহাম্মদ পলাশ বলেন, “প্রতিদিন জীবন হাতে নিয়ে ক্লাসে যেতে হয়। অবৈধ ট্রলি ও মাহেন্দ্রার বেপরোয়া চলাচল আমাদের জীবনের নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, “শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close