সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয় ও তার পরিবারের বিভিন্ন ব্যাংক হিসাব থেকে ৩ কোটি ২৮ লাখ টাকা ফ্রিজ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফাইন্যানশিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানে তাদের নামে থাকা ৯৬টি ব্যাংক হিসাবে ১ হাজার ২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আদালতের নির্দেশে সিআইডির ফাইন্যানশিয়াল ক্রাইম ইউনিট এ পদক্ষেপ নেয়। অনুসন্ধানে জানা যায়, তানভির শাকিল জয়, তার স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরী, মা লায়লা আরজুমান্দ বানু, ভাই তমাল মনসুর এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে এই হিসাবগুলো খোলা হয়। এসব হিসাবে দীর্ঘ সময় ধরে বিপুল পরিমাণ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে, যা স্বাভাবিক আর্থিক কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
প্রাথমিক অনুসন্ধানে সিআইডি ধারণা করছে, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সরকারি প্রকল্পে টেন্ডার জালিয়াতি, চাঁদাবাজি, বালু ব্যবসা ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে জয় ও তার পরিবার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এসব অর্থ দেশের বাইরে পাচার এবং স্থাবর–অস্থাবর সম্পদে বিনিয়োগেরও প্রমাণ মিলেছে বলে জানা গেছে।
তানভির শাকিল জয় ও তার পরিবারের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে অনুসন্ধান কার্যক্রম চলছে। সিআইডি সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদের উৎস যাচাই এবং দেশের বিভিন্ন স্থানে তাদের মালিকানাধীন সম্পত্তির অনুসন্ধান অব্যাহত রেখেছে।
আরও পড়ুন:








