চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোলায়মান বলেছেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণই এখন প্রশাসনের অগ্রাধিকার।'
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, “চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন ও জনসেবায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে জনগণ আরও ভালো সেবা পাবে।”
মাদক নির্মূলে করণীয় প্রসঙ্গে তিনি বলেন, “মাদক ব্যবসায়ীদের অন্য পেশায় যুক্ত করতে হবে। তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে তারা এ অবৈধ পেশা থেকে সরে আসবে বলে আশা করা যায়।”
তিনি আরও বলেন, “নিয়মিত প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকবে, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি গ্রহণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও জনসেবা সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। জেলা প্রশাসক সাংবাদিকদের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
আরও পড়ুন:








