সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

ফরিদপুরে ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ১৬:০১

শেয়ার

ফরিদপুরে ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের কারাদণ্ড
ছবি: বাংলা এডিশন

ফরিদপুরের সদরপুর উপজেলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে দেড় লাখ টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় একজন পলাতক থাকলেও বাকি তিনজন আদালতে উপস্থিত ছিলেন। পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের জাহাঙ্গীর বেপারী, কামরুল মৃধা, আলী বেপারী ও বক্কার বেপারী। এদের মধ্যে জাহাঙ্গীর বেপারী বর্তমানে পলাতক।

একই মামলায় আলামত নষ্টের অভিযোগে মমতাজ বেগম ও আবুল কালাম বেপারী নামে দুইজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের এক অক্টোবর রাত একটার দিকে সদরপুরের চর দড়িকৃষ্ণপুর এলাকায় ওই নারীর শ্বশুরবাড়িতে গিয়ে জাহাঙ্গীর বেপারী ও তার সহযোগীরা তাকে কৌশলে ডেকে এনে ধর্ষণ করে হত্যা করে। পরে ঘটনাটি গোপন রাখতে তারা মরদেহ কবর দিয়ে ফেলে।

ভিকটিমের মা সন্দেহবশত আদালতে মামলা করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও শুনানির পর আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, ‘এই মামলায় আদালত ন্যায়বিচারের নজির স্থাপন করেছেন। আমরা রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।’



banner close
banner close