সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

বগুড়ায় বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করায় জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বহিষ্কৃত

বগুড়া, প্রতিনিধি

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫ ১৭:৫৮

শেয়ার

বগুড়ায় বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করায় জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বহিষ্কৃত
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার উপজেলা জাতীয় পার্টির সভাপতি এরফান আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, গত ২৫ অক্টোবর উপজেলা জাতীয় পার্টির নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে মোত্তালেব মোল্লাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সিদ্ধান্তটি জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর নির্দেশে কার্যকর করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মোত্তালেব মোল্লা প্রকাশ্যে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী মীর শাহে আলমের পক্ষে নির্বাচনী প্রচারণায় যুক্ত হন। বিষয়টি জানাজানি হলে দলীয় ক্ষোভ দেখা দেয় এবং পরবর্তীতে তাঁকে অব্যাহতির সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি এরফান আলী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জেলা সভাপতির নির্দেশে মোত্তালেব মোল্লাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

অন্যদিকে অব্যাহতিপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লা বলেন, আমি চিঠি পেয়েছি। এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থে আমি মীর শাহে আলমের পক্ষে কাজ করছি। দল থেকে অব্যাহতি পাওয়ায় এখন কাজের পরিসর আরও বেড়ে গেল, কোনো বাধা রইল না।



banner close
banner close