সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

পটুয়াখালীতে অটোচালককে কুপিয়ে হত্যা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫ ১২:৪৬

শেয়ার

পটুয়াখালীতে অটোচালককে কুপিয়ে হত্যা
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালী সদর উপজেলার সেহাকাঠি গ্রামে ঘুমন্ত অবস্থায় মোশারেফ খান নামে এক অটোচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠি গ্রামে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মোশারেফ খান ওই এলাকার হানিফ খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোশারেফ পেশায় একজন অটোচালক এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। ঘটনার রাতে তিনি নিজ ঘরের এক কক্ষে ঘুমাচ্ছিলেন, পাশের কক্ষে ছিলেন তার স্ত্রী ও মেয়ে। রাত দুইটা থেকে তিনটার মধ্যে দুর্বৃত্তরা ঘরের সিদ কেটে ভেতরে প্রবেশ করে মোশারেফকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

চিৎকার শুনে তার স্ত্রী ও মেয়ে পাশের কক্ষ থেকে ছুটে আসেন এবং প্রতিবেশীদের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিস্তারিত তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।’



banner close
banner close